মৃত্যুর পূর্বে আল্লাহর ক্রোধ/রাগ বৃদ্ধিকারী গুনাহ হতে বিরত থাকতে পারা, পাপ হতে তওবা করতে পারা, নেকির কাজ ও ভালো কাজ বেশি বেশি করার তাওফিক পাওয়া এবং এ অবস্থায় মৃত্যু হওয়া।
এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন : আল্লাহ যদি কোনো বান্দার কল্যাণ চান তখন তাকে (ভালো) কাজে লাগান। সাহাবায়ে কেরাম বললেন, কীভাবে আল্লাহ বান্দাকে (ভালো) কাজে লাগান? তিনি বলেন, মৃত্যুর পূর্বে তাকে ভালো কাজ করার তাওফিক দেন। (তিরমিজি শরীফ : হাদিস নং ২১৪২)
বি.দ্র. আল্লাহর কল্যাণ পেতে হলে সুস্থ ও অসুস্থ উভয় অবস্থায় আল্লাহর ইবাদত করা, এবং কোরআনের পথে অবিচল থাকা।
যার শেষ কথা লা-ইলাহা ইল্লাল্লাহ হবে : রাসূলুল্লাহ (ﷺ) বলেন: যে ব্যক্তির সর্বশেষ কালিমা (কথা) হবে, লা-ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। (সুনানে আবু দাউদ, হাদিস নং ৩১১৬ তিরমিজি : ৯৭৬ মিশকাত : ১৬২১)।।
মৃত্যুর সময় ললাটে/কপালে ঘর্মবিন্দু ঝরা : মহানবি (ﷺ) বলেন: মুমিনের মৃত্যুকালে তার কপালে ঘাম ঝরে। (তিরমিজি : ৯৮২ ইবনে মাজাহ : ১৪৫২)।।
জুমার রাতে অথবা দিনে ইন্তেকাল হওয়া : রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: কোনো মুসলমান যদি জুমার দিনে অথবা জুমার রাতে মারা যায়, আল্লাহ্ তায়ালা নিশ্চয়ই তাকে কবরের ফেতনা হতে রক্ষা করেন। (মিশকাত শরীফ : হাদিস নং ১৩৬৭)
জিহাদের ময়দানে খুন হওয়া : আল্লাহর বাণী : আর যারা আল্লাহর পথে জীবন দিয়েছে, তাদেরকে তোমরা মৃত মনে কোরো না, বরং তারা তাদের রবের নিকট জীবিত। তাদেরকে রিজিক দেওয়া হয়। (সূরা আল ইমরান : আয়াত নং ১৬৯)
গাজী হয়ে/ পানিতে ডুবে ইন্তেকাল করলে : রাসূলুল্লাহ (ﷺ) বলেন: যে ব্যক্তি আল্লাহর পথে (জিহাদে) নিহত হয় সে শহিদ, যে আল্লাহর পথে (গাজী হয়ে) মারা যায় সে শহিদ, এবং যে পানিতে ডুবে মারা যায় সেও শহিদ। (মুসলিম : ৪৭৮৮ আবু দাউদ ৩০৯৭)
দেওয়াল চাপা পড়ে মৃত্যু : প্রিয় নবি (ﷺ) বলেন: শহিদ হলো পাঁচ ব্যক্তি, প্লেগরোগে মৃত, পেটের রোেগে মৃত, পানিতে ডুবে মৃত, দেওয়াল চাপা পড়ে মৃত এবং আল্লাহর পথে (জিহাদে) নিহত ব্যক্তি শহিদ। (মুসলিম শরীফ : হাদিস নং ৪৭৮৭)
সন্তান প্রসব করতে গিয়ে/আগুনে পুড়ে মৃত্যু : রাসূলুল্লাহ (ﷺ) বলেন: পুড়ে গিয়ে মৃত ব্যক্তি শহিদ, চাপা পড়ে মৃত ব্যক্তি শহিদ এবং সে মহিলাও শহিদ যে সন্তান প্রসব করতে গিয়ে মারা যায়। (আবু দাউদ শরীফ : হাদিস নং ৩০৯৭)
ডাকাতের হাত থেকে ধন-সম্পদ/পরিবার-পরিজনকে রক্ষা করতে গিয়ে মৃত্যু :
রাসূলুল্লাহ (ﷺ) বলেন : যে ব্যক্তি নিজের মাল রক্ষা করতে গিয়ে মারা যায় সে শহিদ, যে নিজের পরিবার রক্ষা করতে গিয়ে মারা যায় সে শহিদ, যে নিজের দ্বীন রক্ষা করতে গিয়ে মারা যায় সে শহিদ এবং যে তার নিজের প্রাণ রক্ষা করতে গিয়ে মারা যায় সেও শহিদ। (বুখারি : ২৪৮০ মুসলিম : ১৪১ তিরমিজি : ১৪২১)
সূত্র: Life-After-Death, অধ্যায় ১ “দুনিয়ার মূল্য”, পৃ. ২০ — Mufti Arif Billah Qasemi (Darul Uloom Deoband)