মৃত্যু ও তার পরে – কুরআন সুন্নাহর আলোকে
হোমবই পরিচিতিঅধ্যায়সমূহলেখকরিভিউঅর্ডার অর্ডার করুন

অধ্যায় ৩ · মৃত্যুর যন্ত্রণা

ফেরেশতা কীভাবে জান কবজ করেন?

পৃ. ২৫প্রশ্ন ৬অধ্যায় ৩

রাসূলুল্লাহ (ﷺ) একটি দীর্ঘ হাদিসে তা বর্ণনা করেন। হযরত বারা ইবনে আজেব (রা.) থেকে বর্ণিত; তিনি বলেন, আমরা নবিজির সঙ্গে এক আনসারি সাহাবির জানাজায় গেলাম। আমরা কবরস্থানে পৌছলাম; তখনও কবর প্রস্তুত হয়নি। নবিজি বসলেন। আমরা তার চারপাশে বসসলাম। (আমরা এতটা শান্তস্থির ছিলাম) যেন আমাদের মাথার ওপর পাখি।

নবিজির হাতে একটি কাঠি ছিল। সেটা দিয়ে তিনি মাটিতে দাগ কাটছিলেন। তারপর মাথা তুলে তিনি বললেন, তোমরা কবরের আজাব থেকে আল্লাহর পানাহ চাও। কাঠি দুবার বা তিনবার বললেন। তারপর বললেন, নিশ্চয় ঈমানদার বান্দার যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে পরকালের পথে যাত্রার সময় ঘনিয়ে আসে তখন উজ্জ্বল শুভ্র চেহারার ফেরেশতাগণ তার কাছে নেমে আসেন। উজ্জ্বলতায় তাদের চেহারাসমূহ যেন এক একটি সূর্য। তাদের সঙ্গে থাকে জান্নাতি কাফন ও জান্নাতি সুগন্ধ। তারা তার কাছে বসে পড়েন।

তারপর মৃত্যুর ফেরেশতা আজরাইল (আ.) এসে তার মাথার পাশে বসে বলেন, হে পবিত্র আত্মা! আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টির দিকে বেরিয়ে এসো। নবিজি (ﷺ) বলেন, তারপর পাত্রের মুখ থেকে গড়িয়ে পড়া ফোঁটার মতো তার আত্মা বেরিয়ে আসে। আজরাইল সেই আত্মাকে বরণ করে নেন।

আজরাইল হাতে নেওয়ামাত্র চোখের পলকে অন্য ফেরেশতাগণ সেই আত্মাকে সেই জান্নাতি কাফনে ও সেই জান্নাতি সুগন্ধিতে রেখে দেন। তার থেকে মিশকের উত্তম সুগন্ধ ছড়িয়ে পড়ে, যা জমিনেও অনুভূত হয়। নবিজি (স.) বলেন, এরপর তারা সেই আত্মা নিয়ে উর্ধ্বারোহণ করতে থাকেন। যখনই কোনো ফেরেশতার দলের পাশ দিয়ে অতিক্রম করেন, ফেরেশতা দল জিজ্ঞেস করে, এটা কার পবিত্র আত্মা? তারা দুনিয়াতে থাকা তার ভালো নামসমূহ উল্লেখ করে বলেন, অমুকের ছেলে অমুক।

এভাবে তারা প্রথম আসমানে পৌঁছেন। আসমানের দরজা খুলতে আবহান করেন। তাদের জন্য আসমানের দরজা খোলা হয়। এভাবে প্রত্যেক আসমানের নিকটশীল ফেরেশতাগণ তাকে অভ্যর্থনা জানিয়ে পরবর্তী আসমানে বিদায় জানান। এভাবে সে সপ্তম আসমানে পৌছে যায়। তখন আল্লাহ তায়ালা বলেন, আমার বান্দার আমলনামা ইল্লিয়্যিনে রেখে দাও এবং তাকে দুনিয়াতে ফিরিয়ে নাও। নিশ্চয়ই আমি তাদেরকে মাটি থেকে সৃজন করেছি এবং তাতেই ফিরিয়ে দেবো এবং তার থেকে দ্বিতীয়বার বের করে আনব।

নবিজি (ﷺ) বলেন, তারপর তার রুহ তার দেহে ফিরিয়ে আনা হয়। এরপর তার কাছে দুজন ফেরেশতা আসেন। তারা তাকে বসান। জিজ্ঞেস করেন, তোমার রব কে? সে বলে, আমার রব আল্লাহ। তারা জিজ্ঞেস করেন, তোমার ধর্ম কী? সে বলে আমার ধর্ম ইসলাম।

তারা বলেন, তোমাদের নিকট পাঠানো এই লোকটি কে? সে বলে, তিনি আল্লাহর রাসূল। তারা বলেন, তোমার জ্ঞানের উৎস কী? সে বলে, আমি আল্লাহর কিতাব পড়েছি। তার প্রতি ঈমান এনেছি এবং তা সত্যায়ন করেছি। তখন আসমানে এক ঘোষক ঘোষণা দেন আমার বান্দা সত্য বলেছে।

তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও। তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। জান্নাতের দিকে তার জন্য একটি দরজা খুলে দাও। এরপর তার কাছে জান্নাতের সুগন্ধ ও সুরভি আসতে থাকে এবং তার দৃষ্টিসীমা পর্যন্ত কবরকে প্রশস্ত করে দেওয়া হয়। এরপর একজন সুদর্শন সুন্দর পোশাক পরিহিত ও সুগন্ধিযুক্ত লোক আগমন করে বলে, আনন্দদায়ক সুসংবাদ গ্রহণ করো।

এটা সেই দিন, যার প্রতিশ্রুতি তোমাকে দেওয়া হয়েছে। তারপর সে বলবে, কে তুমি হে কল্যাণকামী! সে বলবে, আমি তোমার নেক আমল। তারপর সে বলবে, হে আমার রব! কিয়ামত কায়েম করো, আমি যেন আমার পরিবার ও সম্পদের কাছে ফিরতে পারি।

নবিজি (ﷺ) বলেন, একজন কাফেরের যখন দুনিয়া থেকে বিদায়ের এবং পরকালের পথে যাত্রার সময় ঘনিয়ে আসে, তখন আসমান থেকে কদাকার কিছু ফেরেশতা নেমে আসেন। তাদের সঙ্গে থাকে চট। তারা তার সামনে বসেন। তারপর মালাকুল মউত এসে তার মাথার কাছে বসেন। বলেন, হে অপবিত্র আত্মা! আল্লাহর রাগ ও অসন্তুষ্টির দিকে বেরিয়ে এসো। তারপর তিনি তার দেহে আঁচড়াতে শুরু করেন এবং দেহ থেকে আত্মাকে উৎপাটন করে নিয়ে আসেন।

আজরাইল তা হাতে নেওয়ামাত্র অন্য ফেরেশতাগণ সেই আত্মা চটে ভরে ফেলে। তার থেকে মৃত পচা লাশের দুর্গন্ধ বের হয়, যা দুনিয়ার মানুষও অনুভব করে। তারা একে নিয়ে উর্ধ্বারোহণ করেন।

তারা যখনই ফেরেশতাদের কোনো দলের পাশ দিয়ে অতিক্রম করেন তখন ফেরেশতা দল জিজ্ঞেস করে, এই নাপাক আত্মা কার? তখন তারা দুনিয়াতে তার কুৎসিত নামসমূহ উল্লেখ করে বলে অমুকের ছেলে অমুক। এভাবে তার জন্য প্রথম আসমানের দরজা খোলার আবহান করা হয়। কিন্তু তার জন্য দরজা খোলা হয় না।

তারপর নবিজি একটি আয়াত তেলাওয়াত করে বলেন তাদের জন্য আসমানের দরজাসমূহ খোলা হবে না এবং তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। যতক্ষণ না সূচের ছিদ্রপথে উট প্রবেশ করবে। আল্লাহর তখন বলবেন, তার আমলনামা জমিনের সর্বনিম্ন সিজ্জিনে রেখে দাও। তারপর তার রুহকে ছুঁড়ে ফেলা হয়।

এরপর নবিজি কোরআনের আয়াত পাঠ করেন ‘এবং যে কেউ আল্লাহর সঙ্গে শিরিক করল, সে যেন আকাশ থেকে ছিটকে পড়ল, অতঃপর মৃতভোজী পাখি (যেই পাখির ক্ষুধা নিবারণ হয় মৃত লাশ থেকে) তাকে ছোঁ মেরে নিয়ে গেল অথবা বাতাস তাকে উড়িয়ে নিয়ে কোনো দূরবর্তী স্থানে নিক্ষেপ করল। (সূরা হজ : আয়াত নং ৩১)

এরপর তার রুহ দেহে ফিরিয়ে দেওয়া হয়। এরপর তার কাছে দুজন ফেরেশতা আসেন। তারা তাকে বসান। তারা তাকে জিজ্ঞেস করেন, তোমার রব কে? সে বলে, হায় আফসোস! আমি জানি না। তারা জিজ্ঞেস করেন, তোমার ধর্ম কী? সে বলে, হায় আফসোস! আমি জানি না।

তারা বলেন, তোমাদের নিকট পাঠানো এই লোকটি কে? সে বলে, হায় আফসোস! আমি জানি না। তখন আসমান থেকে একজন ঘোষক বলেন, সে মিথ্যা বলেছে। তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। জাহান্নামের দিকে তার জন্য একটি দরজা খুলে দাও।

ফলে তার নিকট জাহান্নামের উৎপাত ও লু হাওয়া (প্রচণ্ড গরমের বাতাস) আসতে থাকবে। তার কবর এটা সংকীর্ণ করে দেওয়া হয়, তার এক পাঁজরের হাড়গুলো অন্য পাঁজরে চুকে যায়। তার কাছে একজন কুৎসিত চেহারা, দুষিত পোশাক ও দুর্গন্ধযুক্ত এক লোক এসে বলে দুঃসংবাদ গ্রহণ করো। তোমাকে এই দিনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সে বলে, তুমি কে? অকল্যাণ নিয়ে এসেছ? লোকটি বলবে, আমি তোমার বদআমল। তারপর সে বলবে, হে প্রভু! কিয়ামত যেন সংঘটিত না হয়। (আবু দাউদ শরীফ : হাদিস নং ৪৭৫৮)

সূত্র: Life-After-Death, অধ্যায় ৩ “মৃত্যুর যন্ত্রণা”, পৃ. ২৫ — Mufti Arif Billah Qasemi (Darul Uloom Deoband)

বইটি সংগ্রহ করুন

২৬টি অধ্যায়, ৩৮০+ পৃষ্ঠা — ক্যাশ অন ডেলিভারিতে ঘরে বসেই।